তিন দিনের শোক দিবসে রাজধানীতে আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালীন সময়ে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস কিংবা গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।
এ ছাড়া উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনার কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি শোক পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ৩৮ দিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।






আপনার মতামত লিখুন