মনোনয়ন জমা উপলক্ষে দেওয়ানগঞ্জে বিএনপি প্রার্থী মিল্লাতের দোয়া ও মিলাদ মাহফিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার নিজ বাসভবনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ধর্মীয় আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন শোভন, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন শোভন।






আপনার মতামত লিখুন