কিশোরগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় হাওরাঞ্চলে কৃষকদের দুর্ভোগ
কিশোরগঞ্জ ও অষ্টগ্রাম উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর প্রভাবে শুক্রবার সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষক, দিনমজুর, শিশু ও বয়স্করা।
কিশোরগঞ্জ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং অষ্টগ্রামে তা নেমে আসে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।
শীতের প্রভাবে ভোর থেকে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ছিল ধীরগতির। অনেক মানুষ আগুন জ্বালিয়ে বা ভারী পোশাক পরে ঠান্ডা মোকাবিলা করছেন। দিনমজুর ও কৃষিশ্রমিকদের স্বাভাবিক সময়ের তুলনায় দেরিতে কাজে বের হতে দেখা গেছে।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে শীতের তীব্রতা বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন