রুমিন ফারহানার আসনে জমিয়তের সহ-সভাপতিকে প্রার্থী দিল বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশ নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিএনপি তাদের ৪টি আসনে জমিয়তকে সুযোগ দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের শীর্ষ নেতারাও। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা ছিল রুমিন ফারহানের। তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং দলের সিদ্ধান্ত মেনে চলা বাধ্যতামূলক। বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জমিয়ত নেতারা এই চারটি আসনে তাদের নিজস্ব দলীয় প্রতীক খেজুর গাছ ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করবেন।






আপনার মতামত লিখুন