খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ জাইমা রহমানের
দীর্ঘ বিরতির পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। দেশে ফেরার প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে শৈশবের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন লেখা প্রকাশ করেছেন জাইমা রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সঙ্গে শৈশবের একটি ছবি শেয়ার করেন তিনি। পরে পোস্টটি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও প্রকাশ করা হয়।
পোস্টে জাইমা রহমান লিখেছেন, পরিবারের অভিভাবক হিসেবে খালেদা জিয়ার মমতাময়ী ভূমিকা তার জীবনের অন্যতম প্রিয় স্মৃতি। তিনি উল্লেখ করেন, এগারো বছর বয়সে স্কুল ফুটবল টুর্নামেন্টে বিজয়ের মেডেল নিয়ে দাদুর অফিসে যাওয়ার মুহূর্ত এখনো তার মনে গভীরভাবে গেঁথে আছে। গোলকিপার হিসেবে খেলার অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা এবং সেই গল্প অন্যদের কাছে গর্বের সঙ্গে তুলে ধরার মধ্য দিয়েই খালেদা জিয়ার ভালোবাসা ও আগ্রহ তিনি অনুভব করেছিলেন।
তিনি আরও লেখেন, রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্বের মাঝেও খালেদা জিয়া পরিবারের জন্য ছিলেন স্নেহশীল ‘দাদু’। দেশের মানুষের কাছে তিনি প্রধানমন্ত্রী হলেও পরিবারে ছিলেন একজন যত্নশীল অভিভাবক, যিনি সন্তানদের সাহস দিতেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পাশে থাকতেন। এসব অভিজ্ঞতা থেকেই নেতৃত্বের প্রাথমিক শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন জাইমা।
প্রবাসজীবনের দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে কাটানো সময় তাকে বাস্তববাদী ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন করেছে, তবে হৃদয়ে সব সময় বাংলাদেশই ছিল। শিক্ষা ও আইন পেশায় কাজ করার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উপলব্ধি করেছেন বলেও লেখেন তিনি।
নিজের পরিবার ও পূর্বপুরুষদের আদর্শের কথা উল্লেখ করে জাইমা রহমান জানান, সততা ও দেশপ্রেমের শিক্ষা তিনি পরিবার থেকেই পেয়েছেন। সাম্প্রতিক গণআন্দোলনের সময় নীরবে ভূমিকা রাখার চেষ্টার কথাও তুলে ধরেন তিনি।
পোস্টের শেষাংশে জাইমা রহমান বলেন, বহু বছর পর দেশে ফেরা তার জন্য আবেগ ও দায়িত্বের এক নতুন অধ্যায়। দেশে ফিরে পরিবারের পাশে দাঁড়াতে, বাবাকে সহযোগিতা করতে এবং একজন সচেতন নাগরিক হিসেবে দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে জানতে চান তিনি। জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতার কথাও তিনি স্বীকার করেন।






আপনার মতামত লিখুন