আইনের শাসনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন প্রমাণ করতে চাই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে ব্যর্থতার যে অভিযোগ আনা হচ্ছে, সেখান থেকে মুক্ত হতে তারা আইনের শাসনের বাস্তব উদাহরণ তুলে ধরতে চান। বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারার অভিযোগ কমিশনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করতে হলে একমাত্র পথ হলো আইনের শাসন নিশ্চিত করা। যারা মাঠপর্যায়ে দায়িত্বে আছেন, তাদের মাধ্যমেই এই রুল অব ল বাস্তবায়িত হতে হবে।
রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের ওপর এক ধরনের জাতীয় দায়িত্ব এসে পড়েছে, যা একই সঙ্গে সাংবিধানিক ও প্রশাসনিক। এই সংকটময় সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, দেশকে সঠিক অবস্থায় রেখে যাওয়াই তাদের সম্মিলিত দায়িত্ব। অতীতের মতো ব্যর্থ হওয়ার সুযোগ আর নেই।
সিইসি নাসির উদ্দিন বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তারা সঠিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনও স্বস্তিতে থাকে। নির্বাচন ব্যবস্থার স্থিতিশীলতা অনেকটাই তাদের ওপর নির্ভরশীল। তিনি জোর দিয়ে বলেন, কমিশনকে খুশি করার প্রয়োজন নেই, বরং আইন অনুযায়ী দায়িত্ব পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে এবং নির্বাচন কমিশন সব সময় মাঠ প্রশাসনের পাশে থাকবে।






আপনার মতামত লিখুন