ওসমান হাদি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত: নাহিদ ইসলাম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে দেশে সংঘটিত ঘটনাগুলো পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২২ ডিসেম্বর) সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদিকে ঘিরে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তার পর বাংলাদেশে কী কী ঘটনা সৃষ্টি করা হবে—এসব বিষয় আগে থেকেই পরিকল্পনার মধ্যে ছিল। তিনি বলেন, এই পরিস্থিতির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে নিজেদের দায়িত্ব স্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে যা ঘটছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি সুসংগঠিত অপরাধপ্রক্রিয়া, যার লক্ষ্য দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশকে নির্দিষ্ট দিকে প্রবাহিত করা।
প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—এই সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও ভাষা ব্যবহার করে জনসমর্থন তৈরির চেষ্টা করেছে। এর আগেও এই বিষয়ে সতর্ক করা হয়েছিল যে, সরকারের একটি অংশ এসব ঘটনায় পরোক্ষভাবে যুক্ত থাকতে পারে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কারা এই ঘটনার পেছনে সম্মতি তৈরি করেছে এবং কারা ঘটনাস্থলে সক্রিয় ছিল—তা স্পষ্ট। তাই সরকারের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা। তিনি বলেন, এই বিচার আদায়ে সরকারকে বাধ্য করতে সমাজের সব পক্ষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।






আপনার মতামত লিখুন