জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি সভা আহ্বান করেছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হবে।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।
এদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই স্থানে বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংগঠনিক ইউনিটের সুপার ফাইভ নেতাদের নিয়ে একটি জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।
এই সভায় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম, ঢাকা জেলা উত্তর-দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা শাখার নেতারা অংশ নেবেন।






আপনার মতামত লিখুন