ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষার কারণ দেখিয়ে ফিলিস্তিনি পাসপোর্টধারী ব্যক্তিদের পাশাপাশি আরও সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষিদ্ধ দেশগুলোর তালিকায় রয়েছে বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া।
ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, এসব দেশের ক্ষেত্রে স্ক্রিনিং, যাচাই-বাছাই ও তথ্য আদান-প্রদানের প্রক্রিয়ায় দীর্ঘদিনের গুরুতর দুর্বলতা লক্ষ্য করা গেছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসনসংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করেছিল। ওই তালিকায় আফগানিস্তান, ইরান, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া, হাইতি ও ভেনেজুয়েলাসহ একাধিক দেশ ছিল।
পরবর্তীতে গত ৪ ডিসেম্বর মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এক সাক্ষাৎকারে জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে কমপক্ষে ৩২টিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। তবে সে সময় অতিরিক্ত দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নাগরিক নিহত হওয়ার পর ফিলিস্তিনিদের বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান অনেকটাই অনুমেয় ছিল।
তবে সিরিয়ার নাগরিকদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে কেউ কেউ অপ্রত্যাশিত বলেও মনে করছেন। কারণ অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওই সফরের আগে তার বিরুদ্ধে থাকা মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছিল।
এদিকে সম্প্রতি সিরিয়ায় আইএস জঙ্গিদের হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিজেই এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতা কাটিয়ে উঠলেও সিরিয়ায় এখনো কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষের ঘাটতি রয়েছে। ফলে পাসপোর্ট ইস্যু, নাগরিক নথিপত্র যাচাই এবং নিরাপত্তা স্ক্রিনিংয়ের ক্ষেত্রে দেশটি আন্তর্জাতিক মান বজায় রাখতে পারছে না।






আপনার মতামত লিখুন