হাদির ওপর হামলায় জড়িতরা ছাড় পাবে না: প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দৃঢ়ভাবে বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত কেউই— তারা যেখানেই অবস্থান করুক— আইনের আওতার বাইরে থাকবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, বিজয়ের এই আনন্দঘন দিনে তিনি গভীর দুঃখ ও বেদনা নিয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধার ওপর সংঘটিত এই হামলা শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।
তিনি জানান, গুরুতর আহত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। প্রাথমিকভাবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। ভয়, সহিংসতা কিংবা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা থামানো সম্ভব নয়।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সংযম ও ঐক্য বজায় রাখতে হবে। যারা দেশে অস্থিরতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরাজিত শক্তির এই ভূখণ্ডে আর কোনো স্থান হবে না।
ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা দেশে ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদদের। তাদের ত্যাগই আজ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণে দেশ সুশাসনের পথে এগিয়ে যাচ্ছে।






আপনার মতামত লিখুন