গন্তব্য শাহপরীর দ্বীপ
ভ্রমণ গল্প

ভাইয়ার ছায়ায় কক্সবাজার থেকে শাহপরী—এক স্মরণীয় পথচলা ভ্রমণ মানেই শুধু জায়গা বদল নয়, কখনো কখনো তা হয়ে ওঠে সম্পর্ক, ধৈর্য আর স্মৃতির এক গভীর যাত্রা। ঠিক তেমনই এক অভিজ্ঞতার নাম—আমার আর আমার অভিভাবকসমতুল্য বড় ভাই মুহাম্মদ জাভেদ হাকিম ভাইয়ার সঙ্গে কক্সবাজার ভ্রমণ।
দীর্ঘদিন ধরেই ভাইয়ার ছায়াতলে একের পর এক ঘুরে বেড়ালেও, দু’জনে একসাথে বের হওয়া হয়ে ওঠেনি। কখনো আমার সময় মেলে না, কখনো ভাইয়ার। অবশেষে সেই প্রতীক্ষিত সুসময় আসে ২৫ তারিখ, মঙ্গলবার। সিদ্ধান্ত হয়—ট্রেনে করেই কক্সবাজার।

ট্রেনযাত্রা মানেই যুদ্ধ—বিশেষ করে টিকিটের যুদ্ধ। ১৫ তারিখ রাতে টিকিট কাটার জন্য ঘুম ভুলে অপেক্ষা, চোখ রাখলাম অনলাইনে। অল্প সময়েই টিকিট শেষ। তবু হাল ছাড়িনি। প্রতিদিন ট্রেনের আপডেট ফলোআপ করেছি। আশ্চর্যের বিষয়, যাত্রার মাত্র এক থেকে দেড় ঘণ্টা আগে হঠাৎ করেই প্রায় ৮০টি সিট খালি হয়ে যায়—যা আগের কয়েকদিনে একবারও দেখা যায়নি। সে গল্প থাক, না হলে পুরো ভ্রমণটাই টিকিটকাহিনি হয়ে যেত।
যাত্রাপথে ট্রেনের খাবারের মান নিয়ে হতাশা, দায়িত্বপ্রাপ্ত বগি কর্মকর্তার রহস্যজনক অনুপস্থিতি—সব মিলিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই ট্রেন ছুটে চলে গন্তব্যের দিকে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে, কখনো মাথার ওপর বেডশিটের বাড়ি খেতে খেতে, নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে পৌঁছাই কক্সবাজারে।
নামাজ আদায় শেষে হোটেলে ফ্রেশ হয়ে আমরা যাই সৈকতে। দুই ভাইয়ের কিছু ছবি, কিছু নির্ভার মুহূর্ত। রাতে খাওয়া-দাওয়া শেষে আমি রুমে ফিরলেও, ভাই নিচে হোটেল মালিক নুরুল আজম ভাই সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। সেখানেই ঠিক হয় দ্বিতীয় দিনের ‘মিশন’—বাইকে করে টেকনাফ হয়ে শাহপরী দ্বীপ।
সকালের নাস্তা শেষে মেরিন ড্রাইভ রোড ধরে আমাদের যাত্রা শুরু। এক পাশে পাহাড়, অন্য পাশে সাগর—প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে বিভিন্ন জায়গায় থেমে থেমে বিকেলের দিকে পৌঁছাই শাহপরী দ্বীপে।

শাহপরী দ্বীপের জিরো পয়েন্টে দুপুরের খাবারের জন্য ঢুকি এক হোটেলে। সিদ্ধান্ত ছিল দেশি মুরগি খাবো। কিন্তু রান্নাবান্নার অভিজ্ঞতা থাকায় সহজেই বুঝে ফেলি—এটা দেশি নয়, সোনালি মুরগি। প্রথমে তর্ক হলেও একপর্যায়ে হোটেল কর্তৃপক্ষ সত্য স্বীকার করতে বাধ্য হয়। তবুও দামের ক্ষেত্রে দেশি মুরগির হিসাব—এই অভিজ্ঞতাও ভ্রমণের অংশ হয়ে রইলো।
এক রাত শাহপরী দ্বীপে কাটিয়ে পরদিন সাগরপাড় থেকে তাজা মাছ কিনে স্থানীয় এক মাদ্রাসার ছাত্রদের ও হুজুরদের সহযোগিতায় সবাই মিলে একসাথে খাওয়া—এই মুহূর্তটা ছিল ভ্রমণের সবচেয়ে মানবিক ও তৃপ্তির অংশ।
এরপর আবার কক্সবাজারের পথে ফেরা। সারাদিন শহর ঘুরে দেখা, আর রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা।
এই ভ্রমণে আমরা বাইক দিয়ে কক্সবাজার–টেকনাফ–শাহপরী দ্বীপ ঘুরে এসেছি, আর ফেরার পথে বাসে ঢাকা ফিরেছি। পথের ক্লান্তি থাকলেও স্মৃতির ভাণ্ডার ভরে গেছে অমূল্য সব মুহূর্তে।
ভাইয়ার সাথে পথ চলা মানেই আলাদা এক সুখ,
গন্তব্য নয়, স্মৃতিই হয় আসল ভ্রমণের মুখ।






আপনার মতামত লিখুন