হাদিকে গুলি করা শুটার ফয়সালসহ ২ জন শনাক্ত : ডিএমপি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হামলার ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালান আলমগীর শেখ।
তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তারা দেশ ছেড়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যাতে তারা সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবিসহ সব স্থল, নৌ ও বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে।
নজরুল ইসলাম আরও জানান, এই হামলায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।
তিনি বলেন, এখনো এ ঘটনায় মামলা দায়ের হয়নি। পরিবার থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট সড়ক দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।






আপনার মতামত লিখুন