শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর জীবিত অবস্থায় তুলে আনলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে প্রায় ৫০ ফুট গভীর গর্ত থেকে ফায়ার সার্ভিসের বিশেষায়িত দল তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, কঠিন পরিবেশে দীর্ঘসময় আটকে থাকলেও শিশুটির শরীরে বড় ধরনের আঘাত ছিল না। খড় ও নরম মাটির কারণে শারীরিক ক্ষতি তুলনামূলক কম হলেও দীর্ঘসময় অক্সিজেনস্বল্পতায় বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তানোরের পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হওয়ার সময় খড়ের নিচে লুকিয়ে থাকা অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। মায়ের পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে ফিরে তাকাতেই শিশুটি আর নেই। খড় সরিয়ে দেখা যায় মৃত্যুকূপের খোলা মুখ।
স্থানীয়রা জানান, গত বছর একজন ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের জন্য খনন করলেও ১২০ ফুট নিচে পানি না পেয়ে কাজটি পরিত্যক্ত হয়। দীর্ঘদিন খোলা পড়ে থাকা ওই গর্ত কোনো সতর্কতামূলক ব্যবস্থা ছাড়া ফেলে রাখায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। গর্তের পাশেই রাতভর বসে কাটান সাজিদের অসহায় মা—সন্তান ফিরে পাওয়ার আশায় অবিরাম কান্না ও প্রার্থনায়।






আপনার মতামত লিখুন