শারীরিক অবস্থার উন্নতি
যে কোনো সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার রাতে হাসপাতালের সামনে তিনি বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম নিয়মিত তার চিকিৎসা পরিচালনা করছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনি এখন ভ্রমণ উপযোগী অবস্থায় আছেন। তবে বিদেশে নেওয়ার নির্দিষ্ট তারিখ পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
মেডিক্যাল বোর্ডের বৈঠকে অধিকাংশ চিকিৎসক মত দিয়েছেন যে, প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া সম্ভব। একই সঙ্গে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও তাকে চীনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বোর্ডের এক সদস্য জানান, পরিবার যেটিকে সর্বোত্তম মনে করবে, সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এরমধ্যে লন্ডন থেকে তারেক রহমান নিয়মিত চিকিৎসার অগ্রগতি জেনে নিচ্ছেন। আর হাসপাতালের ভেতরে বেশিরভাগ সময় শাশুড়ির পাশে থাকছেন চিকিৎসক জুবাইদা রহমান।
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হাসপাতাল পরিদর্শন করে খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদ্যন্ত্রসহ নানা দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অবস্থার অবনতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। প্রতিদিনই করা হচ্ছে একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং মেডিক্যাল বোর্ড পরীক্ষার রিপোর্ট অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা হালনাগাদ করছে।






আপনার মতামত লিখুন