তারেক রহমান দেশে ফিরলে নতুন গতিতে এগোবে বিএনপি: মির্জা আব্বাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে আসবেন এবং জনগণের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে, তারেক রহমানের নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা দেশের রাজনীতিতে নতুন গতি আনবে।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বিএনপি আয়োজিত যুবদলের কর্মী সমাবেশ ও দেশ গড়ার পরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “খালেদা জিয়া এই দেশের জন্য এখনও অত্যন্ত প্রয়োজনীয় একজন অভিভাবক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং সব দলের কাছেই একজন শিক্ষিত ও যোগ্য পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত।”
তিনি আরও জানান, খালেদা জিয়াকে ঘিরে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের দোয়া ও প্রার্থনা প্রমাণ করে যে তিনি সত্যিকার অর্থেই সকল ধর্ম-বর্ণের মানুষের অভিভাবক। “এত ব্যাপকভাবে কাউকে নিয়ে দোয়া হতে আমি আগে দেখিনি”—বলেন মির্জা আব্বাস।
এসময় তিনি সমালোচনা করে বলেন, “যারা সংস্কারের কথা বলেন, তারা প্রকৃত অর্থে সংস্কার বুঝেই না। তাদের কাছে সংস্কারের অর্থ শুধু ক্ষমতার মসনদ দখল করা।”






আপনার মতামত লিখুন