দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বিএনপির ওপরঃ ঐক্যবদ্ধের আহ্বান তারেক রহমানের
বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভবিষ্যৎ এখন বিএনপির ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যদি জনগণকে সংগঠিত করতে পারে, তবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। আর জনগণকে সঙ্গে রাখতে ব্যর্থ হলে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, শুধু কথায় দেশ পরিচালনা করা যায় না—সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া অগ্রগতি অসম্ভব। দেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, অর্থনীতি—সবক্ষেত্রেই যেসব পরিকল্পনা প্রয়োজন, তা বিএনপির কাছেই রয়েছে।
শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে তিনি জানান, স্কুল পর্যায়ে একাধিক ভাষা শিক্ষার সুযোগ বাধ্যতামূলক করা হবে এবং শিক্ষার্থীরা নিজেরাই ঠিক করবে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শেখার সুযোগ থাকবে।
তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
এছাড়া দেশের প্রায় তিন লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাযথ সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।






আপনার মতামত লিখুন