পঞ্চগড়ে তীব্র শীতের শুরু: ঘন কুয়াশায় স্থবির জনজীবন,
বাড়ছে দুর্ভোগ
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে টানা দুই দিন ধরে বইছে শীতল হাওয়া ও প্রবল কুয়াশা। ডিসেম্বরের শুরুতেই জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব অনুভূত হচ্ছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেমে এসেছে ভোগান্তি। বিশেষভাবে কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
এর আগে সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও শনিবার আবারও ১০.৫ ডিগ্রিতে নেমে আসে। ঘন কুয়াশার কারণে নেমে আসে দৃশ্যমানতা; এদিন সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়।
রবিবার ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সকাল ৮টা পর্যন্ত রাজপথ, গ্রামীণ সড়ক ও মাঠঘাট ছিল সাদা কুয়াশার চাদরে আচ্ছাদিত। এতে যান চলাচলে তৈরি হয় ধীরগতি।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার পাশে কিংবা বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতার চেষ্টা করছেন।
দূরপাল্লার বাসচালক হানিফ বলেন,
“কুয়াশা খুব ঘন। আগে ঢাকা–পঞ্চগড় যেতে ৮–১০ ঘণ্টা লাগত, এখন ১২–১৩ ঘণ্টা লাগছে।”
পঞ্চগড় শহরের ভ্যানচালক আব্দুল জলিল জানান,
“কুয়াশায় সকালে যাত্রী পাওয়া যায় না, আয়ও কমে গেছে।”
পাথর শ্রমিক মফিজ উদ্দীন বলেন,
“ঠান্ডায় নদীতে নামা যাচ্ছে না। কাজ না করলে সংসার চলবে কীভাবে?”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,
“তাপমাত্রা এখনো মৃদু শৈত্যপ্রবাহের স্তরেই রয়েছে। সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে। রাতের তাপমাত্রা কমবে এবং কুয়াশাও আরও ঘন হতে পারে।”






আপনার মতামত লিখুন