খালেদা জিয়ার লন্ডনযাত্রা বিলম্ব: ফ্লাইট ভিভিআইপি মুভমেন্ট হিসেবে অনুমোদিত
খালেদা জিয়া, ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটি ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত হওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিমান ভ্রমণ আপাতত উপযুক্ত নয়। এছাড়া এয়ার অ্যাম্বুল্যান্সের কারিগরি ত্রুটিও কিছুটা বিলম্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল বোর্ড জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তার লন্ডনযাত্রা স্থগিত রাখছে এবং ভবিষ্যতেও শারীরিক অবস্থা অনুযায়ী তার বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।






আপনার মতামত লিখুন