দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অবদান প্রশংসনীয়: শিক্ষা উপদেষ্টা
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সাহসিকতা প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগের সময় ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে তারা মানুষের পাশে দাঁড়ায় এবং আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ড. আবরার জুলাই আন্দোলনে প্রাণ হারানো ১১ স্কাউটের আত্মত্যাগকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি স্কাউটিংকে শুধু ব্যাজ অর্জনের মাধ্যম নয়, বরং চরিত্র গঠন, নেতৃত্ব, দায়বদ্ধতা ও সমাজসেবার দক্ষতা বৃদ্ধির একটি কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা হিসেবে বর্ণনা করেন।
বিশ্বের ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশ স্কাউটস বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যা দেশের জন্য গৌরবের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি।






আপনার মতামত লিখুন