খালেদা জিয়ার জন্যে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে। কাতারের আমিরের পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় কাতার দূতাবাস।
দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানিয়েছেন, কাতার সরকার জরুরি ভিত্তিতে জার্মানির একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করেছে, যা শনিবার বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজ শুক্রবারই খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা থাকলেও বিমানের দেরির কারণে সময়সূচি বদলানো হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুল্যান্স যথাসময়ে পৌঁছালে এবং চিকিৎসকরা অনুমতি দিলে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হবে।
জুমার নামাজের পর খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এয়ার অ্যাম্বুল্যান্স এলে রোববার নেওয়ার পরিকল্পনা আছে। তবে তিনি উড়তে পারবেন কি না, সে সিদ্ধান্ত চিকিৎসকরাই নেবেন।”






আপনার মতামত লিখুন