বিজয়ের মাস ডিসেম্বর শুরু
শুরু হলো বাঙালির গৌরব, অহংকার ও আত্মমর্যাদার মাস—ডিসেম্বর। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে এই মাসেই ১৯৭১ সালে অর্জিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বিজয়ের মাস সবসময়ই বাঙালি জাতির কাছে বিশেষ আবেগ ও শ্রদ্ধার প্রতীক হয়ে আসে।
মহান মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সর্বশ্রেষ্ঠ অধ্যায়। লাল-সবুজ পতাকার জন্ম, নতুন রাষ্ট্রের পরিচয়—সবই এসেছে এই ডিসেম্বরের ঐতিহাসিক দিনগুলোতে। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্ব দরবারে।
একই সঙ্গে এই মাস বয়ে আনে জাতির সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি—বুদ্ধিজীবী হত্যা। স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দেশীয় দোসররা ডিসেম্বরের প্রথম দিকেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। এমন নৃশংসতা বিশ্ব ইতিহাসে দুষ্প্রাপ্য।
ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি হানাদাররা চরম বিপর্যয়ে পড়ে। অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকবাহিনী আত্মসমর্পণ করে। শেষ হয় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বাঙালি অর্জন করে হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা।






আপনার মতামত লিখুন