তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দিনের কর্মবিরতি শুরু
দেশজুড়ে তিন দফা ন্যায্য দাবির প্রেক্ষাপটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত।
‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামের ১১টি শিক্ষক সংগঠনের প্ল্যাটফর্ম এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাবেরা বেগম জানান, সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে উন্নীত করা, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা দূর—এই তিন দাবিতে সরকারকে দীর্ঘদিন ধরে অবহিত করা হলেও বাস্তব কোনো অগ্রগতি হয়নি। ফলে বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।
তিনি আরও বলেন,
“টানা তিন দিন আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। দাবি আদায়ে অগ্রগতি না এলে বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে এবং ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু হবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি, যেখানে কর্মরত আছেন ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক।
গত ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করলেও সহকারী শিক্ষকরা এতে অসন্তুষ্টি প্রকাশ করেন।
তাদের অভিযোগ, অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রিতেই ১০ম গ্রেড পাচ্ছেন। কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতকের পাশাপাশি সিএনএড, বিপিএড, বিটিপিটি প্রশিক্ষণ সম্পন্ন করেও এখনো ১৩তম গ্রেডে সীমাবদ্ধ।
এই বৈষম্য দূর করতেই শিক্ষকরা কর্মসূচিতে এক হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।






আপনার মতামত লিখুন