মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ করবেন যেভাবে
চালু হচ্ছে আজ থেকেই
ঢাকার মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ এখন আরও সহজ ও ঝামেলামুক্ত হচ্ছে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন ছাড়াই এবার ঘরে বসেই র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে। এ উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অনলাইন রিচার্জ সেবা উদ্বোধন করবে ডিএমটিসিএল ও ডিটিসিএ। এবারের কর্মসূচির স্লোগান—‘লাইন নয়, অনলাইন—রিচার্জ এখন হাতের মুঠোয়’।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেলের জন্য ব্যবহৃত দুই ধরনের স্থায়ী কার্ড—র্যাপিড পাস এবং এমআরটি পাস—এখন থেকে ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে রিচার্জ করা যাবে। প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ডেটাসফট।
অনলাইন রিচার্জ করার পর যাত্রীকে স্টেশনে এসে কার্ডটি একবার অ্যাড ভ্যালু মেশিন (এভিএম)–এ স্পর্শ করিয়ে আপডেট করে নিতে হবে।
অনলাইন রিচার্জের ধাপগুলো হলো—
ডিটিসিএর অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে লগইন করা।
রিচার্জ অপশনে গিয়ে র্যাপিড বা এমআরটি পাস নির্বাচন করা।
মোবাইল ব্যাংকিং বা কার্ড পেমেন্ট করে টাকা যোগ করা।
স্টেশনে এসে এভিএম মেশিনে কার্ড স্পর্শ করালেই রিচার্জ সম্পন্ন হবে।
বর্তমানে মেট্রোরেলের প্রায় ৫৫% যাত্রী স্থায়ী কার্ড ব্যবহার করেন, বাকি ৪৫% যাত্রী একক যাত্রার টিকিট নেন।
এই নতুন সেবার ফলে নিয়মিত যাত্রীদের সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন