শুক্রবারের পর ৯১ ভূমিকম্প
শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঘন ঘন কম্পন সাধারণত ভালো লক্ষণ নয়।
বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯১টি ভূমিকম্প ঘটেছে। চলমান সাত দিনের মধ্যে অন্তত ৮৫২টি ভূমিকম্প হয়েছে।
বাংলাদেশে শুক্রবার রিখটার স্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদীতে (৫ জন), ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে একজন। ভবন ফেটে পড়ে, কিছু ভবন ঝুঁকে পড়েছে।
শনিবার সকালে প্রথম কম্পনটি ছিল সকাল ১০টা ৩৮ মিনিটে, রিখটার স্কেলে মাত্রা ৩.৩, উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। সন্ধ্যায় ঢাকার বাড্ডায় দুটি কম্পন অনুভূত হয়। প্রথম কম্পন ছিল ৩.৭ মাত্রার এবং এর ঠিক এক সেকেন্ড পর দ্বিতীয় কম্পন ৪.৩ মাত্রার অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঘন ঘন কম্পনকে হালকাভাবে নেওয়া যাবে না। মানুষকে সচেতন থাকার পাশাপাশি নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন