লক্ষ্মীপুরে বাসে আগুন
আটক তিন
লক্ষ্মীপুর সদর উপজেলার ইটেরপোল এলাকায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।বুধবার (১৯ নভেম্বর) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন জানান, কয়েকদিন ধরে দিদারের গ্যারেজে বাসটির মেরামতের কাজ চলছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“ভোরে কে বা কারা আগুন লাগিয়ে সবকিছু ছাই করে দিল। যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। দেড় লাখ টাকা দিয়ে মেরামত কাজ করাচ্ছিলাম, মোট প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হলো। এই গাড়িটাই ছিল আমার পরিবারের একমাত্র ভরসা। এখন আমি পথে বসার উপক্রম।”
তিনি আরও বলেন, “এমন নিষ্ঠুরতার শিকার হয়ে আমি স্তব্ধ। যারা সর্বনাশ করেছে তাদের শাস্তি ও ক্ষতিপূরণ আশা করছি।”
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং এটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ বাসটি উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে।






আপনার মতামত লিখুন