জামালপুরে সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলনের আকস্মিক মৃত্যু
জামালপুরের সাংবাদিক ও প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকার নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পরিবারের মাধ্যমে জানা যায়,’সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
প্রেসক্লাব জামালপুর এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,’মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তাঁর লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের সাথে ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রেসক্লাব জামালপুর তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।’
বাদ আছর জামালপুর পিটিআই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।
আনোয়ারুল ইসলাম মিলন মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাদক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।






আপনার মতামত লিখুন