বয়স সংশোধনে কঠোর হচ্ছে ইসি
মাঠপর্যায় থেকে প্রত্যাহার হচ্ছে আবেদন প্রক্রিয়া
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো আর মাঠ পর্যায়ে নয়, সরাসরি ইসি’র প্রধান কার্যালয় থেকেই নিষ্পত্তি করা হবে। সংশোধন প্রক্রিয়ায় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করে এই পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো জটিল বিষয় এখন থেকে কেন্দ্রীয়ভাবে দেখা হবে। মাঠ পর্যায়ের অফিসগুলো শুধু সাধারণ তথ্য সংশোধনের কাজ করবে।
তিনি বলেন, “এনআইডি সংশোধনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের চেষ্টা লক্ষ্য করা গেছে। ডাটাবেজের সুরক্ষা নিশ্চিত করতে এবং অপব্যবহার ঠেকাতে প্রক্রিয়াটি কঠোর করা হচ্ছে।”
ডিজি আরও জানান, নতুন এসওপিতে শুধু বয়স সংশোধন নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ ফিল্ডের নির্দিষ্ট করণীয়ও নির্ধারণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আবেদন ফেলে রাখার প্রবণতা দূর করতে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাবও বিবেচনায় আছে।
রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় এনআইডি সংশোধন, ভোটার নিবন্ধন, প্রবাসী নাগরিকদের তথ্য হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।






আপনার মতামত লিখুন