গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে তা চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের ৪৭তম উপদেষ্টা পরিষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিকেলে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট অপরাধের জন্যও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
এই অধ্যাদেশটি গুমের ঘটনা প্রতিরোধ, ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রেস সচিব।






আপনার মতামত লিখুন