৫ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
সরকারকে ১১ নভেম্বর পর্যন্ত সময়
আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন থেকে পদযাত্রা শেষে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “সরকারকে আমরা পর্যাপ্ত সময় দিচ্ছি। ১১ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এর আগে আট রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের হাতে স্মারকলিপি দেন। তিনি জানান, “সরকার রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছে। যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।”
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পল্টনে জড়ো হয়ে যমুনার উদ্দেশে পদযাত্রা করেন।
দলগুলোর ৫ দফা দাবি:
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ।
নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।
রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।






আপনার মতামত লিখুন