ফিলিপাইনে টাইফুন ‘কালমেগি’র তাণ্ডব: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
নিখোঁজ ১২৭
শক্তিশালী টাইফুন ‘কালমেগি’র তীব্র আঘাতে ফিলিপাইনে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১১৪ জনের মৃত্যু এবং নিখোঁজ ১২৭ জনের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেগি। এতে প্রবল বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশ, যেখানে অন্তত ৭১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই পানিতে ডুবে মারা গেছেন। প্রদেশটিতে এখনো ৬৫ জন নিখোঁজ, আর কাছের নেগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে নিখোঁজের সংখ্যা ৬২ জন।
দুর্যোগ মোকাবেলায় কাজ করছে উদ্ধারকারী দলগুলো। অনেক এলাকাতেই বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বন্ধ রয়েছে শতাধিক স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুন কালমেগি ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়ে ভিয়েতনাম ও চীনের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে এটি আরও শক্তিশালী আকার ধারণ করতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দুই দেশই জরুরি সতর্কতা জারি করেছে।






আপনার মতামত লিখুন