কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৬ বস্তা সরকারি সার জব্দ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি সার মজুদের অভিযোগে ১০৬ বস্তা সার জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আকন্দ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুজা মিয়া এবং স্থানীয় এলাকাবাসী।
ইউএনও মনিষা আহমেদ জানান, স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মোশারফ হোসেন বাবু বিভিন্ন সরকারি ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে নিজের বাড়িতে অবৈধভাবে মজুদ করছিলেন। উদ্দেশ্য ছিল সরকারি দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএডিসির ডিএপি সার ৪০ বস্তা এবং এমওপি সার ৬৬ বস্তা, মোট ১০৬ বস্তা সার জব্দ করা হয়।
পরবর্তীতে সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সার মজুদের ঘটনায় প্রশাসন আরও তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন