বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচিত নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম এবার তালিকায় নেই।
তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ওই আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে একটি গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিকরা প্রার্থী দেবেন, সেগুলো সমন্বয়ের ভিত্তিতে ঘোষণা করা হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।






আপনার মতামত লিখুন