গণভোটের বিষয়ে
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার
রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট ইস্যুতে ঐকমত্য গঠনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছালে সরকার নিজ উদ্যোগে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, দীর্ঘদিন আলোচনার পরও গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়ে গেছে। এ নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।
ড. আসিফ নজরুল বলেন, “গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর প্রেক্ষাপট কী হবে—এ নিয়ে এখনও ভিন্নমত রয়েছে। তাই দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। অন্যথায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়েও আইন উপদেষ্টা বলেছিলেন, “জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখা শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব।”






আপনার মতামত লিখুন