দলনিরপেক্ষ কর্মকর্তা খুঁজতে হিমশিম খাচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলনিরপেক্ষ কর্মকর্তা নিয়োগে চরম দুর্ভোগে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে প্রশাসন, পুলিশ ও শিক্ষা খাতে দলীয়করণের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এখন ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছেন।
ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগের তিনটি জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের ভোটে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের অধিকাংশই দলীয় প্রভাবিত ও বিতর্কিত কর্মকর্তা। ফলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে গিয়ে এখন বড় ধরনের কর্মকর্তা সংকটে পড়েছে কমিশন।
বর্তমান কমিশনের নেতৃত্বে থাকা এএমএম নাসির উদ্দিনের ইসির সামনে এখন সবচেয়ে বড় কাজ—বিতর্কমুক্ত ভোট কর্মকর্তা নিয়োগ। কারণ, একটি জাতীয় নির্বাচনে প্রায় ১৩ লাখ কর্মকর্তা প্রয়োজন, যার মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন।
ইসির নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “শিশু ও পাগল ছাড়া কেউই পুরোপুরি নিরপেক্ষ নয়। তবে অন্তত এমন কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে, যাদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ নয়। বর্তমান পরিস্থিতিতে এটি করা অত্যন্ত কঠিন।”
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সরকারি স্কুল-কলেজের শিক্ষক, সরকারি ব্যাংকের কর্মকর্তা ও প্রশাসনের মধ্য থেকে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়ে ভোটগ্রহণ প্যানেল তৈরি করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ইতোমধ্যে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জেলা ও উপজেলা কর্মকর্তা গতানুগতিক পদ্ধতিতে আগের বিতর্কিত কর্মকর্তাদের নামই প্যানেলে অন্তর্ভুক্ত করছেন। এতে শেষ মুহূর্তে বড় ধরনের সংকট ও হয়রানির আশঙ্কা করছে ইসি।
বিশ্বস্ত সূত্রগুলো জানায়, শেখ হাসিনার আমলে প্রশাসনে ব্যাপক দলীয় নিয়োগ ও প্রভাব বিস্তার ছিল। আওয়ামী লীগের রাজনৈতিক নির্দেশে ভোটগ্রহণ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এমনকি রিটার্নিং কর্মকর্তার পদেও নিয়োগ হতো দলীয় আনুগত্যের ভিত্তিতে। ফলে এখন সেই ‘আজ্ঞাবহ প্রশাসন’ সরিয়ে দলনিরপেক্ষ কর্মকর্তাদের খুঁজে পাওয়া ইসির জন্য একপ্রকার ‘অসম্ভব কাজ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “দলনিরপেক্ষ কর্মকর্তা পাওয়া এখন খুবই কঠিন। তবে একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যতটা সম্ভব যাচাই-বাছাই করে ইসির উচিত যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাদের নিয়োগ করা।”
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র ও দুই লাখ ৪৪ হাজার ৬৪৯ ভোটকক্ষ থাকবে। এসব কেন্দ্রে ভোটগ্রহণে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ মোট সাত লাখ ৭৬ হাজার ৭০৮ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে, অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়—দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রশাসন ছিল সম্পূর্ণ দলীয় নিয়ন্ত্রণে। ভোটকেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন, তাদের তালিকা করা হতো গণভবনের নির্দেশে, এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতো গোয়েন্দা সংস্থার প্রভাবশালী মহল।
এই ইতিহাসের কারণে এবার নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—কে হবে সেই ‘নিরপেক্ষ কর্মকর্তা’? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হিমশিম খাচ্ছে ইসি।






আপনার মতামত লিখুন