রাজনৈতিক ঐক্য ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: হাসনাত আবদুল্লাহ
রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “নিজেদেরকে আমরা সংস্কারের পক্ষের শক্তি মনে করি, আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করবো।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “বড় বড় রাজনৈতিক দলগুলো ডিসি-এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগাভাগি করছে। এতে বোঝা যাচ্ছে, আগামী নির্বাচনও পূর্বনির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।”
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “তাদের জনসমর্থন যদি সত্যিই এত বেশি হতো, তাহলে ডামি নির্বাচন বা বিদেশে পালানোর প্রয়োজন হতো না। ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার পরও যারা গণতন্ত্রের পতন নিয়ে বয়ান দিচ্ছে, তারাই এখন টকশোতে নরমালাইজ হচ্ছে।”
এনসিপির এই নেতা আরও বলেন, “মিডিয়া, ব্যবসা ও সুশীল সমাজে ফ্যাসিজমের জাল ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের হয়ে সুবিধা নেয়া অনেকেই এখন সাংবাদিক, টকশোজিবি, লেখক বা সংস্কৃতিকর্মী পরিচয়ে আবির্ভূত হচ্ছেন। অথচ ক্ষমতার সময় তাদের মানবতার কোনো বোধোদয় হয়নি।”
তিনি আরও যোগ করেন, “আমরা বাংলাদেশের নাগরিক—যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী—তাদের কাছে ভোট চাইবো। দিন শেষে ট্রফি যার মাঠে, ট্রফি সেই এনসিপিরই।”
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না। এসময় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী আবু সাঈদ মুসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন