টানা চার দফা কমার পর আবারও সোনার দাম বাড়ল
ভরি প্রতি পেরিয়েছে দুই লাখ টাকা
দেশের বাজারে টানা চারবার কমার পর আবারও সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, যা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বুধবার (২৯ অক্টোবর) বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে সোনার মূল্য। সংগঠনটির দাবি, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের ওপরে ওঠায় এই সমন্বয় করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২০ অক্টোবর দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় পৌঁছেছিল সোনার দাম। পরে চার দফা হ্রাসে তা নেমে আসে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। একদিন না যেতেই আবারও নতুন করে দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস।
২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২,০২,৭০৯ টাকা ,২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১,৯৩,৫০৬ টাকা,১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১,৬৫,৮৬২ টাকা,সনাতনী পদ্ধতির প্রতি ভরি সোনা: ১,৩৭,৮৪৫ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩,৪৭৬ টাকা এবং সনাতনী পদ্ধতির রূপা ২,৬০১ টাকায় বিক্রি হচ্ছে।






আপনার মতামত লিখুন