জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে অর্ধশতাধিক নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ আরও অনেকে।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবযোগদানকারীদের গলায় ফুলের মালা পরিয়ে দলে বরণ করেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী হবে।”
এদিকে, ফেসবুকে বিষয়টি প্রকাশের পর বিএনপি নেতাকর্মীরা ওই নবযোগদানকারীদের আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে সমালোচনা করছেন। তারা বিভিন্ন ছবি পোস্ট করে মন্তব্য করেছেন, “যারা আজ জামায়াতে গেছেন, তারা একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন।”
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, “যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারা বিএনপির কেউ নয়। এদের একজন একসময় আওয়ামী লীগে যোগ দিয়েছিল, এখন আবার জামায়াতে গেছে।”






আপনার মতামত লিখুন