এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জনঃ গুজব বলছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এনসিপির পক্ষ থেকে বিষয়টি গুজব বলে নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির সঙ্গে রয়েছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মুখ্য সমন্বয়ক হিসেবে দলের বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন।”
তিনি আরও বলেন, “তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার খবর সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।”
এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদটি সম্পূর্ণ গুজব। আমরা এই ধরনের ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা জানাই।”
এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, এমন কোনো পদত্যাগপত্র দাখিলের ঘটনা ঘটেনি।






আপনার মতামত লিখুন