মর্গে মৃত তরুণীকে ধর্ষণ: ময়মনসিংহে লাশবাহক আবু সাঈদ গ্রেপ্তার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) মর্গে এক মৃত তরুণীর (২০) মরদেহ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাশবাহক মো. আবু সাঈদ (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে। অভিযুক্ত আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় থানার লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ১৯ অক্টোবর হালুয়াঘাটের ঘোষবেড় এলাকায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক মর্গে পাঠায়। সেই লাশ পরিবহনের দায়িত্বে ছিলেন আবু সাঈদ।
ময়নাতদন্তকারী চিকিৎসক পরে পুলিশকে জানান, মৃত তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্যের উপস্থিতি পাওয়া গেছে, যা স্পষ্ট করে দেয় যে মরদেহটি ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় হালুয়াঘাট থানার এসআই মো. জামাল মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর সোমবার আবু সাঈদকে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করে, পরে আদালতে জবানবন্দি প্রদান করেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”






আপনার মতামত লিখুন