অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক পরিবারকে ২ লাখ টাকা সহায়তা দেবে সরকার
রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, এই সহায়তা প্রদান করা হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে।
এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায়ী ব্যক্তিদের শনাক্তের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি দুর্ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ, আহত ও নিহতদের তালিকা তৈরি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সুপারিশ দেবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। এতে আহত হন আরও অনেকে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
“সরকার নিহত ও আহতদের পাশে থাকবে। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”






আপনার মতামত লিখুন