বুধবারের নয় শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান
নির্ধারিত সময় পরিবর্তন করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে অনুষ্ঠানটি আগামী ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সাংবাদিকদের জানান, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক অধ্যায়। জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে ১৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে আরও জানানো হয়, অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।






আপনার মতামত লিখুন