ঢাকা মেডিকেল এলাকার অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, হাসপাতাল এলাকাকে সুস্থ, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আর কোনো অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনার সময় তিনি এ ঘোষণা দেন।
প্রশাসক বলেন, “হাসপাতাল এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে ডিএসসিসি কঠোর অবস্থানে থাকবে। কোনো প্রভাবশালী বা মুনাফালোভীর দখলদারি চলবে না। জনগণের স্বার্থে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে শাহজাহান মিয়া বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে যেভাবে ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর সংখ্যা উল্লেখ করা হচ্ছে, বাস্তবে তা অনেক কম। কারণ দেশের বিভিন্ন জেলা থেকে রোগীরা চিকিৎসার জন্য রাজধানীর প্রধান হাসপাতালগুলোতে আসেন।”
একই দিনে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বর্জ্য অপসারণ ও মশক নিধন অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য বহিরাগত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিতভাবে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা ও অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। প্রশাসন ও জনগণের সমন্বয়েই টেকসই পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।”
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক, বুয়েট ও ডিএমসি প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন