ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউজ
নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউজ। শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার বিরোধী দলের আপসহীন নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে এ বছরের শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় নোবেল কমিটি।
এ বিষয়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, “শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ ও মানবিক কাজ চালিয়ে যাবেন। তার হৃদয়ে মানবতার জন্য অগাধ ভালোবাসা আছে। তার মতো আর কেউ নেই, যিনি নিজের ইচ্ছাশক্তিতে অসম্ভবকে সম্ভব করেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা সত্যিকার অর্থে শান্তির চেয়ে রাজনৈতিক প্রভাবকেই বেশি গুরুত্ব দেয়।”
অন্যদিকে, মারিয়া কোরিনার প্রেস টিম বার্তাসংস্থা এএফপিকে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া ফোনে তাকে অভিনন্দন জানাচ্ছেন। প্রতিক্রিয়ায় মারিয়া বলেন, “আমি অবাক।” জবাবে গঞ্জালেজ বলেন, “আমরাও অবাক, তবে আনন্দিত।”
বর্তমানে ভেনেজুয়েলার সরকারের চাপের মুখে লুকিয়ে আছেন এই নারী নেতা। তবুও শান্তিপূর্ণ উপায়ে দেশটিকে গণতন্ত্রের পথে ফেরানোর নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবেই তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।






আপনার মতামত লিখুন