বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা জোরদারে নতুন অধ্যায় শুরু —
প্রধান উপদেষ্টার সঙ্গে তুর্কি উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও রাষ্ট্রদূত বেরিস একিনসি।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, বাংলাদেশ-তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয়পক্ষ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, তুর্কি উপমন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন—এটি তার প্রথম বাংলাদেশ সফর এবং তিনি উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞ।
তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন এবং ড. ইউনূসকে তুরস্ক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন,
“জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন সম্ভাবনার পথে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনের মতো খাতে আমাদের দুই দেশ একসাথে এগিয়ে যেতে পারে।”
তিনি জুলাই বিপ্লবে আহত সাতজন বাংলাদেশি নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুর্কি উপমন্ত্রী একিনসি বলেন, “তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমরা শিক্ষা বিনিময়, বৃত্তি কর্মসূচি ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মোশারফ হোসেন।






আপনার মতামত লিখুন