বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
দেশের বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করতে নির্দেশ দিয়েছে। নির্দেশটি দেন ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার (৬ অক্টোবর) এক বৈঠকে।
সভায় উপস্থিত ছিলেন গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্যাংকগুলো পাচার হওয়া অর্থ সনাক্ত, উদ্ধার এবং দেশে ফেরত আনার জন্য প্রশাসনিক ও আইনি সহায়তা দিতে সক্ষম আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে। বৈঠকে সম্ভাব্য ৬-৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। তবে ব্যাংকগুলো চাইলে নিজস্বভাবে অন্যান্য দেশি বা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে।
সভায় বিএফআইইউ তুলে ধরে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং ১০টি শিল্পগোষ্ঠীর অর্থ পাচারের বিস্তারিত তথ্য রয়েছে। ওই শিল্পগোষ্ঠীগুলো হলো:
এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ, আরামিট গ্রুপ।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান সাংবাদিকদের বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। ব্যাংকগুলোকে নেতৃত্ব দেবে কয়েকটি ব্যাংক, অন্য ব্যাংকগুলো তাদের সঙ্গে সমন্বয় করবে।
বিএফআইইউর তথ্য অনুযায়ী, শেখ পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচারের ঘটনা তদন্তাধীন। ইতোমধ্যেই ৫৭,২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।






আপনার মতামত লিখুন