বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
শারদীয় দুর্গাপূজা
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দর্পণ-বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। এরপর দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের কাম, ক্রোধ, হিংসা ও লালসার মতো আসুরিক প্রবৃত্তিকে বিসর্জন দেওয়া। এই প্রবৃত্তি ত্যাগ করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠাই এই উৎসবের প্রধান উদ্দেশ্য।
ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয় দুর্গাপূজা। পরবর্তী পাঁচ দিন রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে চলে পূজা-অর্চনা ও নানা আয়োজন। অবশেষে দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।
সনাতন ধর্মমতে, বিসর্জনের পর দেবী দুর্গা কৈলাসে স্বামীর গৃহে ফিরে যান এবং আগামী শরতে আবার ধরণীতে বাবার বাড়িতে ফিরে আসেন। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঘাট ও নদীতে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
ঢাকের বাদ্য, গান-বাজনার সাথে রাজধানীর বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সড়কে পুলিশের টহল, নদীতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নিরাপত্তা নিশ্চিত করে। দুপুরে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা।
শোভাযাত্রায় শত শত ট্রাক প্রতিমা নিয়ে ঢাকেশ্বরী থেকে সদরঘাটের উদ্দেশে যাত্রা করে। পুরো রুটে ছিল পুলিশের কড়া নিরাপত্তা এবং দর্শনার্থীদের ভিড়।
প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর ভক্তরা শান্তিজল সংগ্রহ করে, যা পরবর্তী বছরের পূজায় ব্যবহার করা হয়।
এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কেবল ঢাকা মহানগরে পূজার সংখ্যা ছিল ২৫৮টি। প্রতিটি মণ্ডপেই প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।






আপনার মতামত লিখুন