শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নয়: ডা. জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “গণহত্যা, লুটপাট, নির্যাতন ও অপকর্মের দায় থেকে মুক্ত নয় আওয়ামী লীগ। তাই জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাদের। অভিযুক্ত একটি দল রাজনীতিতে সক্রিয় হলে বা নির্বাচনে অংশ নিলে গণতন্ত্রের শক্তিগুলো মোটেও ভীত নয়।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে জাহিদ হোসেন বলেন, “এ সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। যারা গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কোনো অধিকার নেই।”
এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্টভাবে জানান, “আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। পতিতদের নিয়ে গণতন্ত্রকামী শক্তিগুলো ভীত নয়।”
এদিকে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কি না, এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম পুনরায় চালু হবে কি না—যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টার সাম্প্রতিক এক সাক্ষাৎকারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে।






আপনার মতামত লিখুন