ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ’ প্রত্যাখ্যান ইডেন শিক্ষার্থীদের
ঢাকার ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ-২০২৫’ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী মরিয়ম লিখত অভিযোগ করেন, সাত কলেজ সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির কার্যপরিধি উপেক্ষা করে বাস্তবতার সঙ্গে বেমানান একটি ‘হাইব্রিড মডেল’ চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কার স্বার্থে এই প্রস্তাব আনা হচ্ছে— প্রাইভেট কলেজ নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের?
শিক্ষার্থীরা জানান, আন্দোলনের একপর্যায়ে কিছু ব্যক্তি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে উগ্র আচরণ করেছেন, যার ফলে সাধারণ শিক্ষার্থী, নারী ছাত্রী এমনকি অভিভাবকরা মানসিক হেনস্তার শিকার হয়েছেন। এর মধ্যেই আলোচনার সুযোগ না দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে, যা শিক্ষার্থীরা “উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগ” হিসেবে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে তারা অধ্যাদেশটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, টেকসই সমাধানের জন্য নতুন শিক্ষা কমিশন বা রিভিউ কমিটি গঠন করা জরুরি। পাশাপাশি ইডেন মহিলা কলেজের জমি ও সম্পত্তি কলেজের নামেই সংরক্ষিত রাখতে হবে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর গ্রহণযোগ্য নয় বলেও শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সব অংশীজনকে সম্পৃক্ত না করে যদি চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়, তবে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। আলোচনার মাধ্যমে সমাধান চাই, আমাদের রাজপথে ঠেলে দেবেন না।”






আপনার মতামত লিখুন