নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত: এলাকায় উত্তেজনা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগ ঘিরে গণপিটুনিতে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোহেল আহাম্মেদ (৩৮)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া স্ট্যান্ড বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল আহাম্মেদ ওই ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বালিয়াপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সোহেল কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শরিফ নামে এক ব্যক্তির বাড়িতে চাঁদা দাবি করতে গেলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে শরিফের পরিবারের সদস্যরা গ্রামবাসীর সহযোগিতায় সোহেলকে আটক করে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ঘটনাস্থলে এসে তাকে বেঁধে মারধর করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সহযোগীরা পালিয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, নিহত সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, সোহেল আড়াইহাজারের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ১৪-১৫টি মামলা রয়েছে। গত ১৩ জুন র্যাব-১১ কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল।






আপনার মতামত লিখুন