দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসুর আলোচনা
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদারের দাবি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের ব্রিফ করেন। তারা জানান, পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ কিছু জেলার নিরাপত্তা বাড়ানোরও অনুরোধ জানানো হয়।
এছাড়া সাম্প্রতিক সময়ে কয়েকটি পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ডাকসু নেতারা। তারা বলেন, এসব ঘটনার দ্রুত বিচার হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে এস এম ফরহাদ আরও উল্লেখ করেন, সাম্প্রতিক দুটি আলোচিত হত্যাকাণ্ড—তোফাজ্জল হত্যা ও সাম্য হত্যা—নিয়ে আলোচনায় হয়। তোফাজ্জল হত্যার তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেও বিচার কার্যক্রম ঝুলে আছে। অন্যদিকে সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।






আপনার মতামত লিখুন